প্রিয়ঙ্কার কটাক্ষে বিতর্কে আইআইটি ডিরেক্টর কামাকোটি! কে এই পদ্মশ্রীজয়ী বিজ্ঞানী?
July 29, 20268:11 am

জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)-র পরীক্ষা সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়া হাই-লেভেল টাস্কফোর্সে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির সঙ্গে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক ভি কামাকোটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই নিয়োগের পরেই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী তাঁকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
অতীতে একটি অনুষ্ঠানে প্রাকৃতিক চাষাবাদ এবং গোমূত্রের ভেষজ গুণাবলী নিয়ে বৈজ্ঞানিক তথ্য তুলে ধরার বিষয়টিকে হাতিয়ার করেই এই আক্রমণ করা হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত। যদিও শিক্ষাবিদদের একাংশ আন্তর্জাতিক মানের একজন কম্পিউটার বিজ্ঞানীকে এভাবে রাজনৈতিক আক্রমণের নিশানা বানানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
অধ্যাপক ভি কামাকোটির সংক্ষিপ্ত সাফল্য ও পরিচয়:
- শিক্ষা ও নেতৃত্ব: আইআইটি মাদ্রাজ থেকেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএস ও পিএইচডি সম্পন্ন করার পর, ২০০১ সালে সেখানে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ২০২২ সালে প্রতিষ্ঠানের ডিরেক্টর নিযুক্ত হন।
- গবেষণা: ইনফরমেশন সিকিউরিটি, ভিএলএসআই ডিজাইন ও কম্পিউটার আর্কিটেকচারে তাঁর ১৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
- জাতীয় ভূমিকা: তিনি ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি বোর্ড’ (NSAB)-এর সদস্য, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের ‘এআই টাস্কফোর্স’-এর চেয়ারম্যান এবং আরবিআই ও এনএসই-র প্রযুক্তি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন।
- সম্মাননা: শিক্ষা ও প্রযুক্তিতে অবদানের জন্য তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে ভূষিত করা হয়েছে। পাশাপাশি তিনি ডিআরডিও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও আব্দুল কালাম ফেলোশিপ অর্জন করেছেন।