কন্যাশ্রী থেকে কন্যারত্ন: রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পে বড় নামবদল!

লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার নাম বদলাচ্ছে জনপ্রিয় কন্যাশ্রী প্রকল্পেরও। এই প্রকল্পের নতুন নাম রাখা হচ্ছে ‘কন্যারত্ন’। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু কন্যাশ্রী নয়, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে ‘সারথী’। তবে প্রকল্পের সুবিধা আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য সমস্ত পরিকল্পনা অপরিবর্তিত থাকবে এবং যা যা করণীয়, সরকার তা করবে।
উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রীরা তিনটি ধাপে আর্থিক সহায়তা পেয়ে থাকে। ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীরা বার্ষিক ১ হাজার টাকা অনুদান পায়। দ্বিতীয় ধাপে ছাত্রীর ১৮ বছর পূর্ণ হলে এবং অবিবাহিত থাকলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয় স্তরে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের জন্যও এই সুবিধা প্রযোজ্য। ছাত্রীদের স্কুলছুট রোধ ও আর্থিক স্বনির্ভরতা অর্জনে এই প্রকল্প আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।
বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, এতদিন ১৪ আগস্ট যে ‘কন্যাশ্রী দিবস’ হিসেবে পালিত হতো, তা যথারীতি পালন করা হবে, তবে প্রকল্পের নাম পরিবর্তিত হয়ে হবে ‘কন্যারত্ন’। একই সঙ্গে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার সবুজ সাথী প্রকল্পের নামও পরিবর্তন করে ‘সারথী’ রাখা হয়েছে।