১ কোটি টাকার মাওবাদী মাথার দামের মিসির বেসরা গ্রেপ্তার, বড় সাফল্য পুলিশের!

১ কোটি টাকার মাওবাদী মাথার দামের মিসির বেসরা গ্রেপ্তার, বড় সাফল্য পুলিশের!

ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। গ্রেপ্তার করা হয়েছে মাওবাদীদের পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য তথা প্রবীণ নেতা মিসির বেসরাকে। ধানবাদ জেলার বারওয়াড্ডা থানা এলাকার মানিয়াডিহি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে আরও দুই মাওবাদী নেতাকেও আটক করেছে পুলিশ।

কে এই মিসির বেসরা? মিসিরের মূল বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার হারলাডিহিতে। ৬৬ বছর বয়সি এই নেতার মাথার দাম ছিল এক কোটি টাকা। পুলিশের সূত্র অনুযায়ী, তিনি ছিলেন মাওবাদী সংগঠনের শীর্ষস্তরের নেতা এবং পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য। সংগঠনের বাকি শীর্ষ নেতারা হয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, নয়তো এনকাউন্টারে নিহত হয়েছেন। সংগঠনের তাত্ত্বিক নেতা ও অপারেশনাল কম্যান্ডার হিসেবে পরিচিত মিসির সংগঠনের অন্দরে ‘ভাস্কর’ ও ‘সাগর’ নামেও পরিচিত ছিলেন।

প্রায় দুই দশক ধরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এর আগে ২০০৭ সালে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হলেও, ২০০৯ সালে বিহারের লখিসরাই আদালত চত্বরে মাওবাদীদের হামলার সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে চম্পট দিয়েছিলেন তিনি।

কীভাবে গ্রেপ্তার হলেন? গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সিআরপিএফ, গিরিডি ও ধানবাদ পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। এরপর ধানবাদ-গিরিডি সীমানার টুন্ডি-মান্ডিয়ার জঙ্গল থেকে পালাতে গিয়ে রাত ৯টা নাগাদ দুই সঙ্গীসহ ধরা পড়েন মিসির।

ছেলের প্রতিক্রিয়া ধৃত নেতার ছেলে সিদ্ধার্থ জানিয়েছেন, পুলিশের তরফ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তিনি সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্র মারফত এই খবর পেয়েছেন। তাঁর দাবি, ২০ বছর তিনি বাবাকে দেখেননি। তবে ১৫ দিন আগে পুলিশ তাঁদের বাড়িতে এসে বাবাকে আত্মসমর্পণের অনুরোধ করার কথা বলেছিল। দীর্ঘদিন পর বাবা জীবিত রয়েছেন জেনে তিনি খুশি বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *