“বাইরে বেরোলে মার্জিত হতেই হবে”, ট্রোলারদের কড়া জবাব কঙ্গনার

“বাইরে বেরোলে মার্জিত হতেই হবে”, ট্রোলারদের কড়া জবাব কঙ্গনার

নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’-র ব্যানারে বিক্ষোভ দেখাচ্ছিল দেশের তরুণ ও ছাত্রসমাজ। সেই আন্দোলনকারী ‘জেন জি’ (Gen Z)-দের ‘জেনারেশন গটার’ বা ‘আবর্জনার প্রজন্ম’ বলে কটাক্ষ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। তবে সমালোচকদের সামনে নতিস্বীকার না করে এবার তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন তিনি।

রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা পোস্ট করে কঙ্গনা স্পষ্ট জানিয়ে দেন যে, রাজপথে রাস্তাঘাটে নোংরামি, অশালীনতা ও নীতিহীন আচরণকে তিনি কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেবেন না।

“ঘরের ভেতরে অসভ্যতা করুন, রাস্তায় নয়” – কঙ্গনার কড়া বার্তা

নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে কঙ্গনা বলেন, দেশের মিডিয়া এবং একশ্রেণীর সমালোচক তাঁর বিরুদ্ধে জোট বেঁধেছে। কিন্তু তিনি সংবিধানে বিশ্বাসী এবং সামাজিক মর্যাদার পক্ষে। ভিডিও বার্তায় বিজেপি সাংসদ বলেন:

“জনসমক্ষে, শিশু ও প্রবীণদের সামনে যে ধরনের অশালীন আচরণ প্রদর্শন করা হয়েছে, তা আমি মেনে নিতে অস্বীকার করেছি। শালীনতা বজায় রাখা কোনো পছন্দের বিষয় নয়, এটি নাগরিকের বাধ্যবাধকতা। আপনার স্বাধীনতার সীমা সেখানেই শেষ হয়, যেখান থেকে অন্য একজনের অধিকার শুরু হয়।”

তিনি আরও যোগ করেন, “আপনারা নিজেদের ঘরে যা খুশি তা-ই করতে পারেন, কিন্তু বাইরে বেরিয়ে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করতে পারেন না। প্রধানমন্ত্রীকে অনেকে বন্ধু, কেউ নেতা, আবার কেউ ঈশ্বর মনে করেন। তাঁর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে যৌন ইঙ্গিতপূর্ণ বা অশ্লীল গালিগালাজ করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

‘ফেমিনাজি’দের নিশানা ও তরুণদের সচেতন হওয়ার আহ্বান

কঙ্গনা তাঁর বিরুদ্ধে সোচ্চার হওয়া নারীবাদী ও মিডিয়া ট্রোলারদের ‘ফেমিনাজি’ বলে সম্বোধন করেন। তাঁর অভিযোগ, এরা যুবসমাজকে পশুতুল্য আচরণ করতে উৎসাহিত করছে। তাঁর মতে, বিজ্ঞান ও ধর্মগ্রন্থ—উভয়ই মানুষকে শ্রেষ্ঠ হওয়ার শিক্ষা দেয়। কিন্তু এই তথাকথিত নারীবাদীরা তরুণদের পশুর মতো নিয়ন্ত্রহীন হয়ে ওঠার পরামর্শ দিচ্ছে, যা শেষ পর্যন্ত তাদের অন্ধকারের দিকে ঠেলে দেবে।

পাশাপাশি, ভালো কাজ করা ‘জেন জি’-দের প্রশংসাও করেন কঙ্গনা। তিনি জানান, স্কাইরুট (Skyroot)-এর মতো স্টার্টআপ বা সফল নিট পরীক্ষার্থীদের তিনি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর টিম ও পরিবারেও অনেক দক্ষ ‘জেন জি’ সদস্য রয়েছেন।

বিতর্কের সূত্রপাত কোথায়?

উল্লেখ্য, কয়েক দিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আন্দোলনরত জেন জি-দের তীব্র আক্রমণ করে কঙ্গনা লিখেছিলেন যে, এদের আচরণ অত্যন্ত কুৎসিত এবং এরা মা-বাবার টাকায় নেশা করে দিন কাটায়। তিনি এদের ‘জেনারেশন গটার’ (Generation Gutter) বলে অভিহিত করেন। কঙ্গনার এই মন্তব্যের পর থেকেই দেশজুড়ে তাঁর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *