আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসকদের ‘হাতুড়ে’ বা ‘ভুয়ো’ বললেই কড়া শাস্তি, কড়া নির্দেশিকা এনসিআইএসএম-এর

আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসকদের ‘হাতুড়ে’ বা ‘ভুয়ো’ বললেই কড়া শাস্তি, কড়া নির্দেশিকা এনসিআইএসএম-এর

দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদ, ইউনানি ও সিদ্ধার মতো ভারতীয় চিকিৎসা পদ্ধতির ডাক্তারদের একাংশের মুখে ‘কোয়্যাক’ বা ‘হাতুড়ে ডাক্তার’ শুনতে হত। এবার এই ধরনের আসাম্মানজনক মন্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন (এনসিআইএসএম)। নয়া নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে, রেজিস্টার্ড আয়ুষ চিকিৎসকদের নিয়ে প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য করলে বা তাঁদের ছোট করলে এবার থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

সম্প্রতি প্রকাশিত একটি নির্দেশিকায় কমিশন জানিয়েছে, বিএএমএস (BAMS), বিইউএমএস (BUMS), বিএসএমএস (BSMS)-এর মতো স্বীকৃত ডিগ্রিধারী ও প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত চিকিৎসকদের অনেক সময়ই প্রিন্ট, বৈদ্যুতিন সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় ‘ভুয়ো ডাক্তার’ বলে কটাক্ষ করা হয়। এর ফলে এই চিকিৎসকরা চরম মানহানির শিকার হচ্ছেন।

এই প্রেক্ষিতে এনআইসিএসএম স্পষ্ট জানিয়েছে যে, আইএমসিসি অ্যাক্ট (১৯৭০) এবং এনআইসিএসএম অ্যাক্ট (২০২০) অনুযায়ী স্টেট কাউন্সিলে রেজিস্টার্ড এই চিকিৎসকরা আইনত স্বীকৃত। তাঁদের বৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করার পূর্ণ আইনি অধিকার রয়েছে। ফলে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংবাদমাধ্যম যদি তাঁদের ‘ভুয়ো’ বা ‘হাতুড়ে’ বলে সম্বোধন করে, তবে তা সরাসরি আইনের পরিপন্থী বলে গণ্য হবে।

কমিশনের এই কড়া পদক্ষেপে স্বভাবতই খুশি রাজ্যের আয়ুর্বেদ চিকিৎসকরা। অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডা: সুমিত সুর এই নির্দেশিকাকে স্বাগত জানিয়ে বলেন, “২০২০ সালের এনআইসিএসএম আইন অনুযায়ী আমরা চিকিৎসার অঙ্গ হিসেবে ফিটনেস বা ডেথ সার্টিফিকেটও দিতে পারি। তা সত্ত্বেও কিছু মানুষ বা মিডিয়া আয়ুর্বেদ চিকিৎসকদের তাচ্ছিল্য করত। দেশের সর্বোচ্চ সংস্থার এই সতর্কবার্তাকে আমরা সাধুবাদ জানাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *