‘ঘরে ঢুকে বসতে চাই!’ জেপ্টো ডেলিভারি বয়ের বিরুদ্ধে মারাত্মক হেনস্থার অভিযোগ তরুণীর

সম্প্রতি অনলাইন অ্যাপ ‘জেপ্টো’ (Zepto)-র এক ডেলিভারি পার্টনারের বিরুদ্ধে গুরুতর হেনস্থার অভিযোগ তুলেছেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঠিক কী ঘটেছিল?
তরুণীর দাবি, অর্ডার পৌঁছে দেওয়ার পর ওই ডেলিভারি বয় খাওয়ার জন্য জল চান। তরুণী তাকে একটি জলের বোতল এনে দিয়ে সেটি সাথে নিয়ে যেতে বলেন। কিন্তু জল খাওয়ার পর বোতলটি ফেরত না দিয়ে ওই ব্যক্তি আবারও জল চান এবং তরুণীর ঘরের ভেতরে ঢুকে অন্তত ৫ মিনিট বসার জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন। তরুণী স্পষ্ট জানিয়ে দেন যে ঘরে ঢোকা যাবে না, চাইলে তিনি বাইরে বসতে পারেন।
বারবার বারণ করা সত্ত্বেও ওই ব্যক্তি নিজের দাবিতে অনড় থাকেন। ভয়ে তরুণী দরজা বন্ধ করতে গেলে তিনি বারবার কলিং বেল বাজাতে শুরু করেন। শেষমেশ তরুণী ভেতরের প্রধান দরজাটি বন্ধ করে দিলে, অভিযুক্ত ডেলিভারি বয় বাইর থেকে সজোরে দরজায় ধাক্কা দিতে থাকেন বলে অভিযোগ।
সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ
পুরো বিষয়টি নিয়ে জেপ্টো কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর চেষ্টা করেন ওই তরুণী। তবে সংস্থার কাস্টমার সাপোর্ট ব্যবস্থার ওপর চরম ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, অ্যাপে অভিযোগ জানাতে গেলে কেবল একটি ‘স্বয়ংক্রিয়’ (automated) মেসেজ আসে, যেখানে লেখা থাকে—’বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’।
নেটিজেনদের প্রতিক্রিয়া ও জেপ্টোর উত্তর
সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলছেন কুইক-কমার্স সংস্থাগুলির ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে। গ্রাহকদের পরামর্শ, নিরাপত্তার স্বার্থে ডেলিভারি এজেন্টদের সাথে সরাসরি যোগাযোগ না করে জিনিসপত্র দরজার বাইরে রেখে যেতে বলা উচিত।
বিতর্ক তুঙ্গে উঠলে অবশেষে জেপ্টো কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পোস্টটিতে প্রতিক্রিয়া জানায়। দুঃখপ্রকাশ করে সংস্থার তরফ থেকে জানানো হয়, এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য তরুণীর কাছে তাঁর অর্ডার সংক্রান্ত তথ্য ও ফোন নম্বর চাওয়া হয়েছে।