পুজোর আগেই কলকাতায় ‘স্মার্ট পার্কিং অ্যাপ’! ১৫ হাজার জোন চিহ্নিত, কড়া বার্তা অগ্নিমিত্রার

কলকাতা: তিলোত্তমার রাস্তা যানজট মুক্ত রাখতে বেআইনি পার্কিং এবং জবরদখলের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে রাজ্য প্রশাসন। পার্কিং ব্যবস্থা পুরোপুরি শৃঙ্খলায় আনতে পুরসভার সঙ্গে পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তাদের এক উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে।
এই বৈঠকের পরেই ট্রাফিক ব্যবস্থায় বেশ কিছু বড় পরিবর্তনের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কলকাতা পুরসভা (KMC) এলাকায় ইতিমধ্যে প্রায় ১৫ হাজার অনুমোদিত পার্কিং স্পট চিহ্নিত করা হয়েছে, যা দ্রুত টেন্ডারের আওতায় আনা হচ্ছে। সবথেকে বড় বিষয় হলো—আসন্ন দুর্গাপূজোর আগেই চালু হতে চলেছে একটি বিশেষ ‘স্মার্ট পার্কিং অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে চালকরা ঘরে বসেই বা গাড়িতে থাকা অবস্থাতেই দেখে নিতে পারবেন কোন এলাকায় পার্কিং খালি রয়েছে। পুরো ফি জমা দেওয়ার ব্যবস্থাও থাকবে অনলাইনে।
পাশাপাশি, যত্রতত্র ক্যাব পার্কিং বা পাড়ার মোড়ে দিনের পর দিন গাড়ি ফেলে রাখার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পার্কিংয়ের নির্ধারিত ফি দেওয়া বাধ্যতামূলক এবং নাইট পার্কিংয়ের ক্ষেত্রেও চালু হচ্ছে নতুন নিয়ম। ফুটপাথ দখল করে বাইক বা গাড়ি রাখলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।