অজয় নন্দের মেয়াদ শেষেই বড় রদবদল, কলকাতার পরবর্তী পুলিশ কমিশনার কে? জল্পনা তুঙ্গে!

অজয় নন্দের মেয়াদ শেষেই বড় রদবদল, কলকাতার পরবর্তী পুলিশ কমিশনার কে? জল্পনা তুঙ্গে!

কলকাতা পুলিশের প্রশাসনিক অলিন্দে এখন একটাই চর্চা—কে হচ্ছেন লালবাজারের পরবর্তী নগরপাল? নবান্ন ও প্রশাসনিক সূত্রে খবর, চলতি বছরের ১৫ আগস্ট বর্তমান পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের মেয়াদ শেষ হতে চলেছে। তার পরেই কলকাতা পুলিশের হাল ধরতে পারেন ১৯৯৫ ব্যাচের জ্যেষ্ঠ আইপিএস অফিসার অজেয় মুকুন্দ রানাডে।

প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার জন্য আইপিএস রানাডে অত্যন্ত সুপরিচিত। লালবাজারের সঙ্গে তাঁর পুরোনো পরিচয় রয়েছে; অতীতে তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (বন্দর) পদে সফলভাবে দায়িত্ব সামলেছেন। এ ছাড়া হাওড়ার পুলিশ কমিশনার, ডিআইজি সিআইডি (অপারেশনস) এবং আইজি (দক্ষিণবঙ্গ)-র মতো একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেছেন। মাঝখানে কিছুদিন অন-ডেপুটেশনে সিভিল সার্ভিসে যোগ দিলেও পরবর্তীতে আবারও পুলিশ প্রশাসনে ফিরে আসেন। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ডিজি (আইন-শৃঙ্খলা) পদে কর্মরত।

উল্লেখ্য, কলকাতা পুলিশ কমিশনারের পদটি মূলত অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মর্যাদার। অতীতে সুজয় চক্রবর্তী বা সৌমেন মিত্রের মতো আধিকারিকদের সিপি পদে রেখেই ডিজি পদে উন্নীত করা হয়েছিল। তবে প্রশাসনিক সূত্রে খবর, বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকার সরাসরি ডিজি পদমর্যাদার কোনো অভিজ্ঞ আধিকারিককেই কলকাতার নতুন নগরপাল করার কথা ভাবছে।

স্মরণ করা যেতে পারে, আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলসহ ৩ জন আধিকারিককে নতুন সরকার ক্ষমতায় এসে সাসপেন্ড করে। এর পর থেকেই কলকাতার পুলিশ প্রশাসনে এক বড়সর পরিবর্তনের আবহ তৈরি হয়েছিল। এখন ১৫ আগস্টের পর নবান্নের চূড়ান্ত বিজ্ঞপ্তির দিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *