আইনি ধাক্কা! জামিন খারিজ হাইকোর্টে, গ্রেফতারির মুখে অভিষেক-ঘনিষ্ঠ সুমিত রায়

আইনি ধাক্কা! জামিন খারিজ হাইকোর্টে, গ্রেফতারির মুখে অভিষেক-ঘনিষ্ঠ সুমিত রায়

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়ের অস্বস্তি আরও বাড়ল। শালবনি জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই রায় ঘোষণা করেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে এখন সুমিত রায়ের গ্রেফতারির সম্ভাবনা জোরালো হলো।

সরকারি জমি বেআইনিভাবে প্লট করে বিক্রির মতো গুরুতর অভিযোগের বিষয়টি মাথায় রেখেই আদালত এই আবেদন নাকচ করেছে। জানা গেছে, এই মামলায় আগেই গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের জবানবন্দিতে সুমিত রায়ের সরাসরি যুক্ত থাকার কথা উঠে এসেছে। তদন্তের স্বার্থেই তাঁকে আগাম সুরক্ষা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

তবে, ডেবরা চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে শর্তসাপেক্ষে আগাম জামিন দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী:

  • আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী আধিকারিকের (IO) সামনে হাজিরা দিতে হবে।
  • তদন্তের প্রয়োজনে যখনই ডাকা হবে, পূর্ণ সহযোগিতা করতে হবে। (উল্লেখ্য, অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে ৩০ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা হয়েছিল এবং ইতিমধ্যেই ৬ লক্ষ টাকা লেনদেন হয়েছে।)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে একাধিক দুর্নীতির জল্পনার মধ্যেই তাঁর আপ্ত সহায়কের ওপর চাপ ক্রমশ বাড়ছে। এর আগে গত বুধবার, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির একটি এফআইআর (FIR)-এর সূত্র ধরে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখানে সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দিলীপ মণ্ডল ও সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সব মিলিয়ে একের পর এক আইনি জটিলতায় প্রবল চাপে অভিষেকের এই ঘনিষ্ঠ সহকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *