বিজেপির ৩০ বছরের দুর্গে মাত্র ৩০ দিনে ধস! বাঁকীপুরে বাজিমাত পিকে-র, বার্তা দিলেন মোদীকে

পটনা: বিহারের রাজনীতিতে বড়সড় চমক! দীর্ঘ ৩০ বছর ধরে বিজেপির দখলে থাকা ‘অভেদ্য দুর্গ’ বাঁকীপুর বিধানসভা কেন্দ্রে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেন ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর নবগঠিত ‘জন সুরাজ পার্টি’-র প্রথম রাজনৈতিক পরীক্ষায় নিকটতম বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ২০ হাজারেরও বেশি হারিয়ে দিয়েছেন তিনি।
জয়ের পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সুর চড়িয়েছেন পিকে। তাঁর দাবি, বিহারের মানুষ এবার জাতপাত বা বিনামূল্যে চার-পাঁচ কেজি রেশনের রাজনীতি থেকে বেরিয়ে সন্তানদে শিক্ষা ও কর্মসংস্থানের ওপর নজর দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের আসল দাবিগুলো যেসব দল উপেক্ষা করবে, আগামী দিনেও তাদের এই ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।”
বিজেপি তথা এনডিএ যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে, তা স্বীকার করে নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক বিশেষ অনুরোধ জানান প্রশান্ত কিশোর। তিনি বলেন, রাজ্যকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা হোক, যাঁর অপরাধমূলক অতীত নেই। বিহারের বিদায়ী উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে কটাক্ষ করে পিকে স্পষ্ট জানান, এই ধরণের চরিত্র ও অতীত থাকা কোনও নেতাকে মুখ্যমন্ত্রী করলে রাজ্যের সার্বিক উন্নতি সম্ভব নয়।
প্রশান্ত কিশোরের মতে, বাঁকীপুরের এই জয় তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং দুর্নীতির অবসান, কর্মসংস্থান তৈরি এবং বিহারের যুবকদের রাজ্য ছাড়ার প্রবণতা বন্ধ করার স্বপক্ষে সাধারণ মানুষের একটি তীব্র প্রতিবাদী জনাদেশ।