‘ডিম থেরাপি’ এবার পদ্মশিবিরে! তৃণমূলের সঙ্গে আঁতাত ও কাটমানির অভিযোগে আক্রান্ত বিজেপি নেতা

শীতলখুচি (কোচবিহার): শাসকদলের নেতাদের ‘সবক’ শেখাতে এতদিন যে ‘ডিম থেরাপি’ ব্যবহার করা হচ্ছিল, এবার তা-ই আছড়ে পড়ল রাজ্য বিজেপির ভেতরে। তৃণমূলের সঙ্গে আঁতাত এবং মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগে নিজের দলের কর্মীদের হাতেই ডিম হামলার শিকার হলেন বিজেপির এক মণ্ডল অধ্যক্ষ।
সোমবার কোচবিহারের শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকার পঞ্চারহাট বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনার আসল কারণ: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও সদস্যদের সসম্মানে বোর্ডে বসাতে সাহায্য করেছিলেন বিজেপির মণ্ডল অধ্যক্ষ পবিত্র অধিকারীসহ কয়েকজন নেতা। অভিযোগ, এর বিনিময়ে তাঁরা শাসকদলের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নেন। শুধু তা-ই নয়, দীর্ঘদিন ধরে এলাকায় সালিশি সভা বসিয়ে জোর করে টাকা আদায়ের অভিযোগও উঠছিল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।
ডিম হামলা ও পুলিশের হস্তক্ষেপ: দীর্ঘদিনের সেই ক্ষোভ সোমবার পঞ্চারহাট বাজারে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি হতেই বিস্ফোরক রূপ নেয়। বচসা চরম আকার ধারণ করলে ক্ষুব্ধ দলীয় কর্মীরা পবিত্র অধিকারীকে লক্ষ্য করে সটান ডিম ছুঁড়তে শুরু করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শমীক ভট্টাচার্যের সেই বার্তা: উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের ঘিরে ধরে ডিম মারার ঘটনা নিয়ে কিছুদিন আগেই দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট বলেছিলেন, “ডিমের অভিমুখ বদলাতে সময় লাগবে না।” শীতলখুচির এই ঘটনা যেন তাঁর সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করল।