টুলুর ২২০ কোটির সাম্রাজ্যে পুলিশের বড় কোপ! গোপন ডায়েরিতে বহু আমলার নাম, মিলল জাল চালান ছাপার যন্ত্র

কলকাতা/বীরভূম: বীরভূমের বেআইনি পাথর ব্যবসা ও কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি মামলায় বিরাট সাফল্য পেল জেলা পুলিশ। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করতেই বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
সীতেশের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গোপন ডায়েরি, যেখানে পুলিশ ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের নাম রয়েছে। এর থেকে সন্দেহ করা হচ্ছে, রাজস্ব ফাঁকি দিয়ে পাথর পাচারের এই সিন্ডিকেটে প্রশাসনের একাংশের যোগ ছিল। একই সঙ্গে বেআইনি চালানের জন্য ব্যবহৃত একটি ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) ছাপানোর অত্যাধুনিক যন্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, এটি একটি সুসংগঠিত সিন্ডিকেট। এই চক্রের সঙ্গে যুক্ত টুলু মণ্ডলের প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০০ বিঘা জমি, স্থাবর সম্পত্তি, নগদ টাকা, সোনা ও একাধিক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট।
উল্লেখ্য, সম্প্রতি মহম্মদবাজারে ভুয়ো চালানে পাথর পাচারের সময় একটি ডাম্পার আটকে এই জাল চক্রের সন্ধান মেলে। এই পুরো ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বর্তমানে বিদেশে বসে টুলু যে অদৃশ্য সুতোয় তাঁর কালো সাম্রাজ্য চালাচ্ছিলেন, তা পুরোপুরি গুঁড়িয়ে দিতে প্রস্তুত জেলা প্রশাসন।