গ্রামাঞ্চলে করের কোপ! পঞ্চায়েতের আয় বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের, পরিবার পিছু বার্ষিক লক্ষ্যমাত্রা ১২০০ টাকা

গ্রামাঞ্চলে করের কোপ! পঞ্চায়েতের আয় বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের, পরিবার পিছু বার্ষিক লক্ষ্যমাত্রা ১২০০ টাকা

রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব আয় (Own Source Revenue) বৃদ্ধি করতে এক গুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পঞ্চায়েত দফতর। এই লক্ষ্যে একটি নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (SOP) জারি করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পরিবার পিছু বার্ষিক করের সংগ্রহ গড়ে ২৩৩ টাকা থেকে বাড়িয়ে ১,২০০ টাকায় নিয়ে যাওয়ার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি ও নতুন লক্ষ্যমাত্রা: বর্তমানে রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় ১ কোটি ৯২ লক্ষ পরিবার রয়েছে। পঞ্চায়েতগুলির সংগৃহীত সম্পত্তি কর থেকে বছরে মোট আয় হয় প্রায় ৪৫১ কোটি টাকা। এর ফলে পরিবার পিছু বার্ষিক গড়ের রাজস্ব আদায় দাঁড়ায় মাত্র ২৩৩ টাকা। পঞ্চায়েত দফতরের নতুন লক্ষ্য অনুযায়ী, এই আদায়ের পরিমাণ পরিবার পিছু আরও ৯৮৬ টাকা বাড়িয়ে বছরে ১২০০ টাকায় উন্নীত করতে চায় রাজ্য সরকার।

কর আদায়ের নতুন নিয়মাবলী ও প্রক্রিয়া: ১. সময়সীমা: গ্রামবাসীদের কর জমা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করার পর, পরবর্তী তিন সপ্তাহের (২১ দিন) মধ্যে পঞ্চায়েতকে পুরো কর সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২. অফলাইন সুবিধা: করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইনে কর জমা দেওয়ার পাশাপাশি অফলাইনেও টাকা জমা নেওয়ার ব্যবস্থা করার কথা জানানো হয়েছে। ৩. বকেয়া মেটানোর নোটিশ: নির্ধারিত সময়সীমার মধ্যে যারা কর দেবেন না, তাদের একটি বকেয়া তালিকা তৈরি করা হবে এবং কর মেটানোর জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় দেওয়া হবে। ৪. চূড়ান্ত সিদ্ধান্ত: ১৫ দিন অতিক্রান্ত হওয়ার পরও কর পরিশোধ না করা হলে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বোর্ড বৈঠকে বসে পরবর্তী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপে একদিকে যেমন পঞ্চায়েতের নিজস্ব তহবিল শক্তিশালী হবে, তেমনই অন্যদিকে গ্রামীণ ও মধ্যবিত্ত পরিবারগুলির ওপর আর্থিক চাপ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *