শ্যামবাজার মেট্রো স্টেশনের নতুন নাম ‘বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র’? পুজোর আগেই বড় জল্পনা!

শ্যামবাজার মেট্রো স্টেশনের নতুন নাম ‘বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র’? পুজোর আগেই বড় জল্পনা!

কলকাতা: বাঙালির দুর্গাপুজো আর মহালয়ার ভোরের চেনা সুর যেন একই সুতোয় গাঁথা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমোঘ চণ্ডীপাঠ ছাড়া বাঙালির শারদোৎসবের আনন্দই আসাম্পূর্ণ থেকে যায়। ৪ আগস্ট, বাঙালির নস্টালজিয়ার এই প্রবাদপ্রতীম বেতার শিল্পীর শুভ জন্মদিন। ১৯০৫ সালের এই দিনটিতেই উত্তর কলকাতার আহিরীটোলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি।

শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সকালে তাঁর বাসভবনে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এই সাক্ষাৎকারেই প্রয়াত শিল্পীর পরিজনেরা মন্ত্রীর কাছে দুটি বিশেষ দাবি তুলে ধরেন—

  • শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাখা হোক।
  • আকাশবাণী কলকাতার চত্বরে তাঁর একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হোক।

পরিবারের আবেদন প্রসঙ্গে মন্ত্রী জানান, এই প্রস্তাব ও দাবিগুলি তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টিগোচর করবেন। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শিল্পীর বাসভবনে ভক্ত ও গুণগ্রাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহান শিল্পীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ফুল ও মালায় সেজে ওঠে তাঁর আবক্ষ মূর্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *