“প্রতি শোয়ে ৩-৪ লাখ টাকা পারিশ্রমিক?” কটাক্ষের জবাবে কড়া আইনি হুঁশিয়ারি ইমন চক্রবর্তীর!

“প্রতি শোয়ে ৩-৪ লাখ টাকা পারিশ্রমিক?” কটাক্ষের জবাবে কড়া আইনি হুঁশিয়ারি ইমন চক্রবর্তীর!

সামাজিক মাধ্যমে ট্রোল বা কটাক্ষের শিকার হওয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর কাছে নতুন কিছু নয়। তবে এবার পরিবার ও পারিশ্রমিক নিয়ে অসত্য রটনার জবাবে অত্যন্ত কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন গায়িকা।

ঘটনার সূত্রপাত রথযাত্রার দিন। একাধিক সাক্ষাৎকারে ইমন মন্তব্য করেছিলেন, তাঁর কাছে তাঁর বাবা-মা ভগবানের চেয়েও বড়। সম্প্রতি এক মহিলা নেটিজেন সেই মন্তব্য তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে অভিযোগ করা হয়, শ্রীজগন্নাথ দেব বা দেব-দেবীদের চেয়ে বাবা-মা কিংবা রাজনৈতিক ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া ভুল শিক্ষা। একই সঙ্গে পোস্টে দাবি করা হয়, ইমন অলিখিতভাবে প্রতিটি অনুষ্ঠানের জন্য ৩ থেকে ৪ লাখ টাকা পারিশ্রমিক নেন।

এই কুৎসা নজরে আসতেই ছেড়ে কথা বলেননি গায়িকা। ওই নেটিজেনের ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ইমন স্পষ্ট ভাষায় জানান, তাঁর ধৈর্যের সীমা পার হয়ে গেছে। তিনি লেখেন:

“অনেক হয়েছে। ধৈর্যের বাঁধ ভাঙলে মুশকিল। এই মহিলা আমাকে ব্লক করে এই পোস্টটি করেছেন। যা যা বলেছেন উনি তার প্রমাণ দিক। কোথায় কত টাকার গল্প উনি দিচ্ছেন তার প্রমাণ তো আমার চাই। আর না হলে এবার একটু মুশকিল। হ্যাঁ, আমার কাছে আমার বাবা-মা-ই সবার আগে।”

এর আগেও ব্যক্তিগত জীবন, সাজসজ্জা বা রাজনৈতিক অবস্থান নিয়ে বারবার ট্রোল করা হয়েছে গায়িকাকে। এমনকী তাঁর প্রয়াত মাকে নিয়েও অতীতে কদর্য মন্তব্য করা হয়েছিল। তবে এবার নিজের পরিবার ও কাজের সুনাম নিয়ে অযথা জলঘোলা করায় ইমন যে আর চুপ থাকবেন না, তা তাঁর এই আইনি বার্তার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *