“মাথা নোয়াবেন না জুকারবার্গ!” মোদী-বিতর্কে মেটাকে বার্তা মহুয়ার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ কমছেই না। ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’ (Meta) এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরেও কেন্দ্রের অবস্থান নরম হয়নি। উল্টে এই বিতর্কে এবার সরাসরি মেটার সিইও মার্ক জুকারবার্গকে বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
সামাজিক মাধ্যম এক্স-এ (X) মহুয়া লেখেন, “হ্যালো মার্ক, দয়া করে কারও কাছে মাথা নোয়াবেন না বা ক্ষমা চাইবেন না। ভারত সরকার সবসময় নাগরিকদের হুমকি ও ব্ল্যাকমেল করে নিজেদের বিরুদ্ধে যাওয়া কনটেন্ট সরিয়ে দিতে বাধ্য করে। ভুলবশত একটি ভিডিও কয়েক ঘণ্টার জন্য মুছে গিয়েছিল বলে আকাশ ভেঙে পড়েনি!”
সংসদীয় কমিটিতে কী নিয়ে বিতর্ক?
তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিজেপি সাংসদ নিশীকান্ত দুবের নেতৃত্বে মেটা-সহ একাধিক টেক জায়ান্টকে জেরা করা হয়। সেখানে মেটার প্রতিনিধিরা জানান, এটি একটি ‘টেকনিক্যাল গ্লিচ’ বা প্রযুক্তিগত ভুল ছিল এবং তাঁরা ক্ষমা চাইতে প্রস্তুত। কিন্তু ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি।
বৈঠকে বিজেপি সাংসদরা কড়া ভাষায় প্রশ্ন তোলেন— যেখানে প্ল্যাটফর্মে আপত্তিকর কনটেন্ট থেকে যায়, সেখানে দেশের প্রধানমন্ত্রীর পোস্ট কীভাবে মুছে ফেলা হয়? সূত্রের খবর, বেশ কয়েকজন সদস্য মেটার অ্যালগরিদমের নিরপেক্ষতা এবং ডিপফেক ভিডিও রোখার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয় বলে মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়েছেন।