“তোলাবাজিতে জিরো টলারেন্স”, দলমত নির্বিশেষে কড়া ব্যবস্থার নির্দেশ বিধায়কের, দমদমে ধৃত দুষ্কৃতী রাজু

“তোলাবাজিতে জিরো টলারেন্স”, দলমত নির্বিশেষে কড়া ব্যবস্থার নির্দেশ বিধায়কের, দমদমে ধৃত দুষ্কৃতী রাজু

দমদম: দাবি করা তোলা না দেওয়ায় দমদমে এক প্রোমোটারকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার রাতে দমদম থানা এলাকার পি কে গুহ রোডে ঘটনাটি ঘটে। মারধরের পাশাপাশি প্রোমোটারের মোবাইল, সোনার চেন এবং নগদ টাকা ছিনতাই করে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

সূত্রের খবর, অমরনাথ সিং নামের ওই প্রোমোটারের কাছে বেশ কিছুদিন ধরে ফোনে ৫ লক্ষ টাকা তোলা চাওয়া হচ্ছিল। তিনি টাকা দিতে অস্বীকার করায় সোমবার রাতে ৪-৫ জন দুষ্কৃতী তার অফিসে চড়াও হয়ে তাণ্ডব চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। হামলায় গুরুতর জখম হন ওই প্রোমোটার।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী স্পষ্ট জানান, তোলাবাজির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দল বা রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। বিধায়কের এই কড়া বার্তার পর দমদম থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার মূল অভিযুক্ত বিশ্বজিৎ রায় ওরফে ‘টিকটিকি রাজু’-কে গ্রেপ্তার করেছে।

বিধায়ক জানান, “তোলাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশ রয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন, প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। প্রোমোটারকে মারধরের খবর পেয়েই আমি আইসি-কে ফোন করে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছি, যাতে এলাকায় কোনো ভয়ের পরিবেশ না থাকে।”

প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সিন্ডিকেট রাজ ও তোলাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *