‘ট্রাম্পকে শক্তি দেখান, জনগণের ওপর ই-২০ চাপাবেন না!’ মোদীকে তোপ কেজরিওয়ালের

দিল্লি: পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ বা ‘ই-২০’ (E20) নীতির বিরুদ্ধে এবার সুর চড়ালেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সাধারণ মানুষের গাড়ি ও পকেটের ক্ষতি করার অভিযোগ তুলে এই নীতি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
ই-২০ নীতি প্রত্যাহারের দাবিতে সংগৃহীত সাধারণ মানুষের প্রায় ২ লক্ষেরও বেশি গণস্বাক্ষর নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে প্রতিবাদ মিছিলে হাঁটেন কেজরিওয়াল। তবে পথেই পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। পুলিশি বাধার পর সেই সমস্ত আবেদনপত্র প্রধানমন্ত্রীর দফতরে (PMO) পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপ সুপ্রিমো।
ঘটনার পরই সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ক্ষোভে ফেটে পড়েন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে তিনি লেখেন:
“আজ আমরা ই-২০ পলিসির বিরুদ্ধে সাধারণ মানুষের ২ লক্ষেরও বেশি পিটিশন নিয়ে মোদীজির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু ওঁর পুলিশ আমাদের আটকে দেয়। মোদীজি, দেশের সাধারণ মানুষের ওপর গায়ের জোর দেখিয়ে কী লাভ? সাহস থাকলে সেই শক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখান! দেশে জোর করে ই-২০ জ্বালানি চাপানো বন্ধ করুন, নয়তো দেশবাসী আবার বড় আন্দোলনে নামতে বাধ্য হবে।”
কেজরিওয়ালের অভিযোগ, আমেরিকা থেকে ইথানল আমদানির বাণিজ্যিক চাপ সামলাতেই কেন্দ্র সরকার দেশবাসীর ওপর এই ই-২০ জ্বালানি চাপিয়ে দিচ্ছে, যা সাধারণ গাড়িগুলোর ক্ষতি করছে। প্রধানমন্ত্রীর কাছে তাঁর দাবি, ই-২০ নীতি বন্ধ করার পাশাপাশি পেট্রোল পাম্পগুলিতে যাতে সাধারণ (ইথানল-মুক্ত) পেট্রোল বেছে নেওয়ার বিকল্প সুবিধা বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে।