৮ টাকার টিকিট ২০ টাকা? কলকাতায় ফের একধাক্কায় বিপুল বাসভাড়া বৃদ্ধির আশঙ্কা!

কলকাতা: আকাশছোঁয়া ডিজেলের দাম, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি এবং যাত্রীসংখ্যার অভাব—এই ত্রিফলা সংকটে কলকাতার বেসরকারি বাস পরিষেবা। এই পরিস্থিতি থেকে বের হতে দীর্ঘ আট বছর পর কলকাতায় একধাক্কায় বাসভাড়া বাড়ানোর দাবি তুললেন বাস মালিক ও অপারেটররা। বর্তমানে শহরের সর্বনিম্ন বাসভাড়া ৮ টাকা, যা বাড়িয়ে ২০ টাকা করার আবেদন জানানো হয়েছে।
কেন এই ভাড়াবৃদ্ধির দাবি?
‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটে’র সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০১৮ সালের পর থেকে শহরে বাসভাড়ায় কোনো পরিবর্তন করা হয়নি। অথচ গত ৮ বছরে জ্বালানি তেল ও যন্ত্রাংশের দাম বহু গুণ বেড়েছে। এর ওপর সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ায় বেসরকারি বাসে যাত্রী সংখ্যা আরও কমেছে। ফলে পুরনো ভাড়া কাঠামোতে বাস চালিয়ে সংসার চালানো বা পরিষেবা বজায় রাখা আসাম্ভব হয়ে পড়েছে।
সরকারের কাছে ত্রাণ ও মুকুবের আবেদন:
ভাড়াবৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারের কাছে এককালীন ত্রাণ প্যাকেজ এবং যানবাহন সংক্রান্ত বকেয়া জরিমানা মুকুবের আর্জি জানিয়েছেন বাস মালিকরা। এই বিষয়ে ইতিমধ্যেই পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
রাস্তায় আশঙ্কাজনকভাবে কমেছে বাস:
খরচ সামলাতে না পেরে ইতিমধ্যেই বিভিন্ন রুটে বাসের সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন মালিকরা। যেখানে করোনা মহামারির আগে কলকাতায় প্রায় ৬,০০০টি বেসরকারি বাস চলত, সেখানে বর্তমানে সেই সংখ্যা কমে মাত্র ৩,৫০০-এ এসে ঠেকেছে। দ্রুত কোনো সমাধান সূত্র না মিললে শহরের গণপরিবহণ ব্যবস্থা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।