মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলকের নির্দেশিকা বহাল: হাইকোর্টে স্বস্তি রাজ্যের, ধাক্কা মামলাকারীদের

রাজ্যের মাদ্রাসাগুলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তবে প্রথম শুনানিতেই ধাক্কা খেলেন মামলাকারীরা। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে সরকারি নির্দেশিকায় কোনো ধরনের স্থগিতাদেশ দিতে বা অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদান করতে স্পষ্ট অস্বীকার করেছে।
মামলাকারীর পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে যুক্তি দেন যে, কাউকে জোর করে কোনো গান গাইতে বাধ্য করা ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী এবং এটি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে আদালত এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, অন্যান্য ধর্মীয় স্কুলেও তো অনেক প্রার্থনা গান গাওয়া হয়, তাতে সমস্যা কোথায়? পাশাপাশি কেন্দ্র সরকারের মতামত বা হলফনামা ছাড়া আদালত কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত দেবে না বলে জানিয়ে দেয়।
হাইকোর্ট কেন্দ্র সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৬ সেপ্টেম্বর। ততদিন পর্যন্ত মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশিকাই বহাল থাকছে।