রাজনীতিতে বড় মোড়: শাহের সাথে আজ ৩ মুসলিম সাংসদের মেগা বৈঠক, শুক্রে মোদীর হাই-ভোল্টেজ ব্রেকফাস্ট মিটিং!

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি— সর্বত্রই পরিবর্তনের সুর। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের পদক্ষেপ ঘিরে রাজনীতির অলিন্দে জল্পনা এখন তুঙ্গে। বিশেষ করে, এনসিপিআই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাপ্রবাহ দেখা যাচ্ছে।
আজ অমিত শাহের দরবারে মুর্শিদাবাদের ৩ সাংসদ
বৃহস্পতিবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন এনসিপিআই-এর তিন মুসলিম সাংসদ— আবু তাহির খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। পাশাপাশি, এই বৈঠকে সাংসদ শতাব্দী রায়ও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।
যদিও এর আগে টানা দু’বার এনডিএ-র বৈঠকে এই তিন সাংসদ অনুপস্থিত ছিলেন, তবে সম্প্রতি দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের মধ্যাহ্নভোজ রাজনৈতিক মহলকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আজকের শাহ-বৈঠকে মূলত লোকসভা কেন্দ্রগুলির উন্নয়নমূলক কাজ এবং ওই সাংসদদের ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।
শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে হাই-ভোল্টেজ ব্রেকফাস্ট
আজকের শাহ-বৈঠকের ঠিক পরদিনই, অর্থাৎ শুক্রবার সকালে এক বিশেষ প্রাতরাশ বৈঠকের (Breakfast Meeting) আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে শিবসেনা ও এনসিপিআই-এর সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজনীতি বিশ্লেষকদের মতে, এনডিএ-র নতুন শরিক দলের সাংসদদের ভবিষ্যতে কীভাবে পথ চলতে হবে, এই বৈঠক থেকে তারই একটি স্পষ্ট বার্তা বা নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী। এখন দেখার, শুক্রবার প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট টেবিলে মুর্শিদাবাদের ওই তিন সাংসদ উপস্থিত থাকেন কি না!