মাঠেই নামল চরম বিপর্যয়: খেলা চলাকালীন সোজা বজ্রপাত! ২৪ বছরের ফুটবলারের করুণ মৃত্যু

ফুটবলের সবুজ গালিচায় এক নিমেষে নেমে এলো অমাবস্যার অন্ধকার। ম্যাচ চলাকালীন মাঠে আচমকা বাজ পড়ে প্রাণ হারালেন মাত্র ২৪ বছর বয়সি এক প্রতিভাবান ফুটবলার। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন খেলোয়াড়। দক্ষিণ থাইল্যান্ডের এই শিউরে ওঠা দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে।
ম্যাচের মাঝেই আছড়ে পড়ল মরণ-বাজ জানা গেছে, দক্ষিণ থাইল্যান্ডে আয়োজিত হয়েছিল অপেশাদার ফুটবল দলগুলোর টুর্নামেন্ট ‘গোলক এফএ কাপ’ (Golok FA Cup)। মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ‘স্যামকোল্টস’ এবং ‘আবু এক্স নং সিরিন’। ম্যাচ চলাকালীনই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামলেও খেলা বন্ধ করা হয়নি। এর মধ্যেই ঘটে যায় সেই বিপর্যয়— বিকট শব্দ আর তীব্র আলোর ঝলকানিতে থমকে যায় চারপাশ। বজ্রপাত হতেই মাঠের উইঙ্গার সোফওয়ান আওয়ায়ে সংজ্ঞাহীন হয়ে ধলে পড়েন মাটিতে। জরুরি মেডিকেল টিম দ্রুত মাঠে গিয়ে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সব চেষ্টা ব্যর্থ করে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৪ বছরের এই তরুণ।
ভাইরাল ভিডিও ও আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ ঘটনার যে রোমহর্ষক দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে, তা দেখে শিউরে উঠছেন সকলে। দুর্যোগপূর্ণ ও বিপজ্জনক আবহাওয়ার মধ্যেও কেন খেলা থামানো হলো না, তা নিয়ে আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন ক্রীড়াপ্রেমী ও নেটিজেনরা। তাঁদের বক্তব্য, খেলোয়াড়দের নিরাপত্তার খাতিরে এ ধরনের পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ম্যাচ স্থগিত রাখা বাধ্যতামূলক করা উচিত।
উল্লেখ্য, থাইল্যান্ডে বজ্রপাতের ঘটনা নতুন নয়। পরিসংখ্যান বলছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সে দেশে প্রায় ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন। এই মর্মান্তিক পরিণতির পর থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।