জোড়া ঘূর্ণাবর্তের থাবা! রবিবার পর্যন্ত তুমুল বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ, জারি অ্যালার্ট

জোড়া ঘূর্ণাবর্তের থাবা! রবিবার পর্যন্ত তুমুল বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ, জারি অ্যালার্ট

দক্ষিণবঙ্গজুড়ে চলছে দফায় দফায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং ঘনঘন বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, সপ্তাহের বাকি দিনগুলিতেও এই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। নেপথ্যে রয়েছে সক্রিয় জোড়া ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখা। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উঁচুতে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দিঘার ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখার কারণেই রাজ্যজুড়ে বৃষ্টিপাত বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কখনো হালকা, আবার কখনো মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • শুক্রবার: বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
  • শনিবার: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সতর্কতা রয়েছে।
  • রবিবার: বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা বহাল থাকবে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: সপ্তাহান্তে উত্তরবঙ্গে দুর্যোগ আরও বৃদ্ধি পাবে।

  • শুক্রবার: মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
  • শনিবার: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙে বৃষ্টির প্রভাব বাড়বে।
  • রবিবার: পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা কমবে।

কলকাতার হালহকিকত: কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *