নিট প্রশ্নফাঁসে এনটিএ-র বিশেষজ্ঞরাই মাস্টারমাইন্ড! সিবিআই চার্জশিটে চরম চাঞ্চল্য
ডিজিটাল ডেস্ক: NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে এবার সিবিআই-এর চার্জশিটে উঠে এল অত্যন্ত বিস্ফোরক তথ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র নিজস্ব বিষয়ের বিশেষজ্ঞরাই এই প্রশ্নফাঁসের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। তদন্তকারী সংস্থার দাবি, এই পুরো ঘটনাটি কোনো আকস্মিক বিষয় নয়; বরং এটি অত্যন্ত সংগঠিত একটি আন্তঃরাজ্য চক্রান্ত, যার পরিকল্পনা পরীক্ষা শুরুর কয়েক মাস আগেই করা হয়েছিল।
তদন্ত শেষে সিবিআই মোট ১৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এনে চার্জশিট জমা দিয়েছে। এই অভিযুক্তদের তালিকায় এনটিএ-র বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা ছাড়াও রয়েছেন একাধিক কোচিং সেন্টারের মালিক, দালাল এবং কয়েকজন পরীক্ষার্থী।
কী ভাবে চলত এই চক্র? সিবিআই জানিয়েছে, বোটানি, ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য এনটিএ যে সব বিশেষজ্ঞদের নিয়োগ করেছিল, তাঁরা নিজেদের ক্ষমতার চরম অপব্যবহার করেছেন। প্রশ্নপত্রের মতো অত্যন্ত গোপনীয় বিষয়ের নাগাল পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাঁরা এই চক্র চালান।
এরপর বিভিন্ন কোচিং অপারেটর ও দালালদের সহায়তায় গড়ে তোলা হয় এক নিখুঁত ‘সাপ্লাই চেন’। চ্যাট এবং ডিজিটাল মাধ্যমের সাহায্যে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্রের পিডিএফ (PDF) ও ছবি ছড়িয়ে দেওয়া হতো পরীক্ষার্থীদের কাছে।
অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং সেগুলির ফরেনসিক পরীক্ষা চালিয়ে সিবিআই চ্যাট হিস্ট্রি, ফাঁস হওয়া প্রশ্নপত্র ও নানা ডিজিটাল প্রমাণ উদ্ধার করেছে, যা এই বিশাল র্যাকেটের পর্দাফাঁস করতে সাহায্য করেছে।