‘সৌন্দর্য শুধু রূপের নয়, ব্যক্তিত্বের’— মিস ওয়ার্ল্ড ২০২৬-এর আগে বার্তা ফেমিনা মিস ইন্ডিয়া নিকিতা পরওয়ালের

ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা মানুষী চিলারের পর এবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করতে চলেছেন মধ্যপ্রদেশের মেয়ে নিকিতা পরওয়াল। প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড হিসেবে খেতাব জেতার পর থেকেই তাঁর জীবন বদলে গিয়েছে। এখন তাঁর একমাত্র লক্ষ্য— মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট ছিনিয়ে আনা।
কঠিন প্রস্তুতি ও দায়িত্ববোধ
বিশ্বমঞ্চের লড়াই যে মোটেও সহজ নয়, তা খুব ভালো করেই জানেন নিকিতা। তাই ফিটনেস, র্যাম্প ওয়াক, যোগাযোগ দক্ষতা বাড়ানো থেকে শুরু করে ইন্টারভিউ সামলানো— প্রতিনিয়ত নিজেকে ঘষেমেজে নিচ্ছেন তিনি। নিকিতার কথায়, “যখন গায়ে ‘ইন্ডিয়া’ লেখা জার্সিটা ওঠে, তখন সেটা শুধু কাপড়ের টুকরো থাকে না; হয়ে ওঠে কোটি কোটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক।” ঐশ্বর্য ও প্রিয়াঙ্কাকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মেনে, মেধা ও ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনে দেশকে সেরা করার স্বপ্ন দেখছেন তিনি।
সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে ভাঙছেন ভুল ধারণা
সৌন্দর্য প্রতিযোগিতা মানেই কি শুধুই বাহ্যিক রূপের প্রদর্শনী? এই গতানুগতিক ধারণাকে একদম উড়িয়ে দিয়েছেন নিকিতা। তাঁর মতে, বর্তমান যুগে সৌন্দর্য প্রতিযোগিতায় প্রার্থীর চিন্তাভাবনা, ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারে তাঁর ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। বাহ্যিক রূপ নয়, একজন মানুষের আসল পরিচয় তৈরি হয় তাঁর চরিত্র ও উদ্দেশ্য দিয়ে।
সামাজিক দায়বদ্ধতা: ‘মাটি’ উদ্যোগ
মিস ওয়ার্ল্ডের ঐতিহ্যবাহী ‘বিউটি উইথ এ পারপাস’ প্রকল্পের অধীনে নিকিতা শুরু করেছেন ‘মাটি’ নামের একটি বিশেষ উদ্যোগ। এর মূল উদ্দেশ্য হলো আদিবাসী নারী ও শিশুদের পাশে দাঁড়ানো। তাঁদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করে স্বাস্থ্য, শিক্ষা ও সঠিক পুষ্টির ব্যবস্থা করার পাশাপাশি তাঁদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন তিনি।
মঞ্চ অভিনয় থেকে জেন-জি বার্তা
সৌন্দর্যের পাশাপাশি অভিনয়েও সমান পারদর্শী নিকিতা। আগে থিয়েটারে মাতা সীতার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। ভবিষ্যতে আবারও এমন শক্তিশালী পৌরাণিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি তা সানন্দে গ্রহণ করবেন বলে জানান।
আজকের ‘জেন-জি’ (Gen-Z) অর্থাৎ তরুণ প্রজন্মের উদ্দেশে নিকিতার বিশেষ পরামর্শ— সোশ্যাল মিডিয়ার কৃত্রিম নিখুঁত জগতের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের বাস্তবে মনোযোগ দাও। বিশ্বমঞ্চে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে তুলে ধরতে এখন সম্পূর্ণ প্রস্তুত দেশের এই উঠতি তারকা।