একযাত্রাতেই ৭ জ্যোতির্লিঙ্গ দর্শন! শিবভক্তদের জন্য IRCTC-র দারুণ সারপ্রাইজ

শ্রাবণ মাসে শিবভক্তদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। ভারতীয় রেলের উদ্যোগে শুরু হতে চলেছে বিশেষ ‘সপ্ত জ্যোতির্লিঙ্গ দর্শন যাত্রা’। এই প্যাকেজে যাত্রীরা এক সফরেই দেশের সাতটি পবিত্র জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পাবেন। যাতায়াতের পাশাপাশি থাকা, খাওয়া, স্থানীয় ভ্রমণ এবং নিরাপত্তার সমস্ত দায়িত্ব থাকবে IRCTC-র হাতেই।
যাত্রার মূল তথ্য ও সময়সূচি:
- ট্রেন: ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন।
- যাত্রার সময়: ১০ রাত ও ১১ দিন (২৫ সেপ্টেম্বর বিকেল ৬টা থেকে ৫ অক্টোবর)।
- কোথা থেকে ছাড়বে: দিল্লির সফদরজং রেলস্টেশন।
- মোট আসন সংখ্যা: মাত্র ১৫০টি (এসি ফার্স্ট ক্লাস কুপ, ফার্স্ট ক্লাস কেবিন, এসি ২-টিয়ার ও ৩-টিয়ার সুবিধা)।
সফরের মূল আকর্ষণ ও গন্তব্য:
১. উজ্জয়িনী ও ওঙ্কারেশ্বর: মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, মহাকাল লোক করিডর, রামঘাটের সন্ধ্যা আরতি (ইচ্ছুক যাত্রীদের জন্য ভোরের ভস্ম আরতি) এবং ওঙ্কারেশ্বর দর্শন। ২. দ্বারকা ও সোমনাথ: দ্বারকাধীশ ও রুক্মিণী দেবী মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, বেট দ্বারকা এবং সোমনাথ মন্দির ও ভালকা তীর্থ। ৩. পুণে ও ছত্রপতি সম্ভাজিনগর: ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির এবং ঘৃশ্নেশ্বর জ্যোতির্লিঙ্গ। ৪. নাসিক: ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং ঐতিহাসিক পঞ্চবটি দর্শন।
প্যাকেজে কী কী সুবিধা থাকছে?
ট্রেন সফরের পাশাপাশি উজ্জয়িনী, দ্বারকা ও পুণেতে তিন রাত হোটেলে থাকার ব্যবস্থা থাকছে। এছাড়া প্যাকেজের অন্তর্ভুক্ত:
- সম্পূর্ণ নিরামিষ প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজ।
- এসি বাসে স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শন ও গাইড সুবিধা।
- ভ্রমণ বিমা, ট্যুর ম্যানেজার ও নিরাপত্তা পরিষেবা।
বিশেষ দ্রষ্টব্য: মন্দিরগুলির বিশেষ দর্শনের টিকিট, অতিরিক্ত ঘোরাঘুরি, বোতলজাত জল, লন্ড্রি বা অন্যান্য ব্যক্তিগত খরচের দায়িত্ব যাত্রীদের নিজেদেরই বহন করতে হবে।
কোথা থেকে বুক করবেন? IRCTC-র অফিশিয়াল ওয়েবসাইট (www.irctc.co.in) থেকে সরাসরি এই বিশেষ ট্যুর প্যাকেজ বুক করা যাবে।