১১ বছর ধরে স্বাস্থ্যভবনে পড়ে মমতার নামে হাজার হাজার চিঠি, ২৪ ঘণ্টায় জবাব দেবেন শারদ্বত!

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবনে গত ১১ বছর ধরে জমে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আসা প্রায় সাড়ে তিন হাজার অভিযোগ ও অনুরোধের চিঠি। চিকিৎসা পরিষেবা না পাওয়া থেকে শুরু করে বদলির আবেদন—এমন নানা বিষয়ে লেখা চিঠিগুলির একটিরও উত্তর কখনও দেওয়া হয়নি। শুক্রবার রিসিভিং সেকশনে গিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় দেখেন, ২০১৫-১৬ সাল থেকে পড়ে থাকা খামগুলি এখনও মোড়কবন্দি। এই চিঠির পাহাড় ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এই চিঠিগুলি জনস্বাস্থ্য, স্বাস্থ্যসাথী বা ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টের মতো নির্দিষ্ট বিভাগ অনুযায়ী আলাদা বাক্সে রাখা হবে। আগের সরকারের আমলে অবহেলিত হলেও তিনি নিজে এই সমস্ত চিঠির জবাব দেওয়ার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রতিটি চিঠির আনুষ্ঠানিকভাবে প্রাপ্তি স্বীকার করার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্যভবন।