পুজোয় রেশন কার্ডধারীদের জন্য খাদ্যমন্ত্রীর বিরাট চমক, চাল-আটার সাথে মিলবে বিশেষ উপহার!

আসন্ন উৎসবের মরশুমে রাজ্যের রেশন গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এবার দুর্গা পুজো থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত নিয়মিত চাল ও আটার পাশাপাশি রেশনে মিলবে অতিরিক্ত চিনি এবং ময়দা। উৎসবের দিনে ঘরে ঘরে নাড়ু, নিমকি কিংবা বিভিন্ন ধরনের মিষ্টি ও উৎসবের জলখাবার তৈরির প্রবণতা বাড়ে। সাধারণ মানুষের সেই বিশেষ চাহিদার কথা মাথায় রেখে এবং উদযাপনের আনন্দ বাড়াতে রাজ্য সরকারের তরফে এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে ঠিক কোন ক্যাটাগরির রেশন কার্ডে চিনি ও ময়দার পরিমাণ কতটা বরাদ্দ হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, খাদ্য দফতরের পরবর্তী বৈঠকেই কার্ডের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হবে। বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), PHH, SPHH ও RKSY কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য বণ্টন করা হলেও, পরিমাণের বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই গ্রাহকরা তাঁদের ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট পুজো বোনাসের এই বাড়তি সুবিধা পাবেন।