গর্ভাবস্থায় আনারস খেলেই কি গর্ভপাত? জানুন চিকিৎসাবিজ্ঞানের আসল সত্য
August 8, 202611:20 am

গর্ভকালীন সময়ে হবু মায়েদের খাদ্যাভ্যাস বা ডায়েট নিয়ে আলোচনার শেষ থাকে না। পরিবার ও পরিচিতদের থেকে নানা উপদেশ আসতে শুরু করে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে থাকা একটি ভয়ের ধারণা বা ‘মিথ’ হলো—গর্ভাবস্থায় আনারস খেলেই নাকি গর্ভপাতের ঝুঁকি তৈরি হয়!
কিন্তু চিকিৎসাবিজ্ঞান এই বিষয়ে কী বলছে? আসুন জেনে নেওয়া যাক।
আনারস নিয়ে ভয়ের মূল কারণ
আনারসে ‘ব্রোমেলেইন’ (Bromelain) নামক এক ধরনের এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। সাধারণ ধারণা রয়েছে, এই উপাদানটি জরায়ুর মুখ বা সার্ভিক্স নরম করে সময়ের আগেই প্রসব বেদনা ত্বরান্বিত করতে পারে। আর এই ধারণা থেকেই তৈরি হয়েছে গর্ভপাতের ভয়।
চিকিৎসকদের মতামত কী?
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের মতে, গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে আনারস খেলে ভয়ের কোনো কারণ নেই।
- ব্রোমেলেইনের পরিমাণ: একটি সাধারণ আনারসে যে পরিমাণ ব্রোমেলেইন থাকে, তা গর্ভপাতের কারণ হওয়ার জন্য যথেষ্ট নয়। জরায়ুতে প্রভাব ফেলতে হলে একবারে অন্তত ৭ থেকে ৮টি আস্ত আনারস খেতে হবে—যা বাস্তবে আসাম্ভব।
- নিরাপদ পরিমাণ: সপ্তাহে এক বা দুই দিন অল্প কয়েক টুকরো পাকা আনারস খেলে হবু মা বা সন্তানের কোনো ক্ষতির ঝুঁকি থাকে না।
যে বিষয়গুলোতে সতর্কতা জরুরি
অল্প পরিমাণে আনারস খাওয়া নিরাপদ হলেও কিছু বিষয় মাথায় রাখা ভালো:
- প্রথম তিন মাস: অতিরিক্ত সাবধানতার অংশ হিসেবে গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে আনারস না খাওয়াই শ্রেয়।
- হজমের সমস্যা: বেশি পরিমাণে আনারস খেলে অম্বল, বুকজ্বালা বা পেটে গ্যাস হতে পারে।
- অ্যালার্জি: যাদের আগে থেকেই আনারসে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত।