মাথায় বন্দুক ঠেকিয়ে ৩ কোটির বেশি টাকা লুট! আইনজীবীকে ভয়ংকর হুমকি দিয়ে গেল ডাকাতরা
হরিয়ানার থানেসারে এক প্রবীণ আইনজীবী বলবন্ত সিং ওয়ালিয়ার বাড়িতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী চার দুষ্কৃতী আইনজীবী ও তাঁর স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় ৩ কোটি ১৫ লক্ষ টাকা, সোনা ও রুপোর গয়না এবং একটি রিভলভার লুট করে চম্পট দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। পোষ্যকে নিয়ে বাড়ি ফিরে আইনজীবী দেখেন তাঁর ঘর তছনছ। শোয়ার ঘরে গিয়ে দেখেন, স্ত্রীর হাত-পা বাঁধা এবং মুখে টেপ লাগানো। তিনি ঘরে ঢুকতেই দুষ্কৃতীরা তাঁকেও কাবু করে ফেলে এবং মাথায় বন্দুক ঠেকিয়ে এই বিপুল পরিমাণ লুণ্ঠন চালায়।
আইনজীবীর দাবি, গত মার্চ মাসেও তাঁর বাড়িতে ৫০ লক্ষ টাকার ডাকাতি হয়েছিল। সে বারের মতো এ বারও একই চক্র জড়িত বলে ডাকাতদল জানিয়েছে। ডিজিটাল লকার খুলে নগদ অর্থ, দেড় থেকে দুই কেজি সোনা এবং চার কেজি রুপো লুটের পর যাওয়ার সময় তারা হুমকি দেয়, তাদের আরও ৮০ লক্ষ টাকা চাই এবং পুলিশে খবর দিলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। থানেসার সিটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের ধরতে শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আইনজীবীর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।