ধার দেওয়া টাকা চাওয়াই কাল! মোথাবাড়িতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযুক্ত কংগ্রেস নেতা

মোথাবাড়ি: ধার দেওয়া ৮০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার মোথাবাড়ি। প্রকাশ্য রাস্তায় তাড়া করে, গুলি চালিয়ে এবং শেষ পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। শুক্রবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা সংলগ্ন পঞ্চানন্দপুর ইকতাবাজার এলাকায়। নিহত যুবকের নাম নাসিরুদ্দিন আহমেদ (২৭)।

পরিবারের অভিযোগ, ভাইয়ের জ্বরের ওষুধ কিনতে বাইক নিয়ে বেরিয়েছিলেন নাসিরুদ্দিন। সেই সময় কালিয়াচক ২ ব্লক কংগ্রেসের সভাপতি দুলাল শেখ, তাঁর ভাই ফিরোজ শেখ ও তাঁদের দলবল নাসিরুদ্দিনের পিছু নেয়। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির হাত থেকে বাঁচতে দৌড় লাগালেও ইকতাবাজারে পড়ে যান নাসিরুদ্দিন। এরপর সেখানেই প্রকাশ্য রাস্তায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে নৃসংসবাবে কুপিয়ে খুন করা হয়।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা দুলাল শেখের পরিবারের কাছে দীর্ঘদিন ধরে ৮০ হাজার টাকা পেতেন নাসিরুদ্দিন। সেই পাওনা টাকা চাওয়া নিয়েই বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল, যার জেরে এই নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার পর নিহত তৃণমূল কর্মীর ভাই ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, নাসিরুদ্দিনের বিরুদ্ধেও পূর্বে একাধিক গোলমালের অভিযোগ ছিল এবং তিনি জামিনে মুক্ত ছিলেন।

এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কংগ্রেস নেতৃত্বের মদতেই এই নৃশংস খুন। অন্যদিকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক যোগ অস্বীকার করে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ।

ঘটনার পর থেকে অভিযুক্তেরা পলাতক। মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *