কলকাতা পুরসভার আসন বেড়ে ২০৯, নাম কোন ওয়ার্ডে জানেন কি?

সামনেই কলকাতা পুরভোট, অথচ ডিলিমিটেশনের পর প্রকাশিত ২০৯টি ওয়ার্ডের নতুন খসড়া তালিকা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। দু’দিন আগে প্রকাশিত এই তালিকায় শুধুমাত্র কিছু রাস্তার নাম উল্লেখ থাকলেও বুথ নম্বর বা সুনির্দিষ্ট ওয়ার্ডের মানচিত্র না থাকায় অনেকেই নিজের ওয়ার্ডের সঠিক সীমানা বা ভোটার পরিচয় নিয়ে অন্ধকারে রয়েছেন। রাজনৈতিক দলগুলির কর্মী এবং হবু প্রার্থীরা বুঝতে পারছেন না কীভাবে জনসভা বা জনসংযোগ শুরু করবেন। বরো অফিসে গিয়েও সঠিক তথ্য বা মানচিত্র না মেলায় চরম অসন্তোষ তৈরি হয়েছে।
অন্যদিকে, ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে একলাফে বেড়ে ২০৯ হওয়ায় ঐতিহাসিক বিপাকে পড়েছে কলকাতা পুরসভা। ব্রিটিশ আমলে নির্মিত মূল পুরভবনটি একটি হেরিটেজ বিল্ডিং এবং এখানকার ঐতিহ্যবাহী কাউন্সিল চেম্বারে এতদিন ১৪৪ জন কাউন্সিলরের বসার ব্যবস্থা ছিল। হেরিটেজ জোন হওয়ায় ঐতিহ্যবাহী এই চেম্বার ভাঙচুর বা স্থায়ীভাবে পরিবর্তন করা আইনি ও কাঠামোগতভাবে আসাম্ভব। ফলে নতুন নির্বাচিত হয়ে আসা অতিরিক্ত কাউন্সিলরদের বসার জায়গার ব্যবস্থা কীভাবে করা হবে, তা নিয়ে পুরসভার কেয়ারটেকার ও প্রধান প্রকৌশলীর কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে।