সুঠাম শরীর নয় পুরুষের ভুঁড়িতেই মজে নারীরা, বিশ্বের এই প্রান্তে রূপের সংজ্ঞা জানলে চোখ কপালে উঠবে!

ইথিওপিয়ার প্রত্যন্ত ওমো উপত্যকায় বসবাসকারী বোদি জনগোষ্ঠীর সংস্কৃতিতে স্থূল দেহকে সৌন্দর্য ও আকর্ষণের সর্বোচ্চ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর তাদের নববর্ষ উপলক্ষে আয়োজিত কা’এল উৎসবে গোষ্ঠীর সবচেয়ে সুন্দর পুরুষটিকে বেছে নিতে বসল এক অদ্ভুত প্রতিযোগিতা। এই উৎসবে অংশ নিতে প্রতিযোগীদের ছয় মাস ধরে কঠোর নিয়মে ওজন বাড়াতে হয়। সব ধরনের শারীরিক পরিশ্রম বন্ধ রেখে তারা কেবল গরুর তাজা রক্ত ও দুধের মিশ্রণ খেয়ে কুঁড়েঘরে দিন কাটান।
উৎসবের দিনে প্রতিযোগীরা শরীরে ছাই ও মাটি মেখে ঐতিহ্যবাহী অলংকারে সজ্জিত হয়ে পবিত্র গাছ প্রদক্ষিণ করেন। বিচারক ও নারীরা সেখানে উপস্থিত থেকে এই স্থূল পুরুষদের প্রদর্শন দেখেন এবং সম্ভাব্য জীবনসঙ্গী বেছে নেন। এই প্রতিযোগিতায় জয়ী ব্যক্তি কোনো আর্থিক পুরস্কার পান না, তবে আজীবন গোটা সম্প্রদায়ের শ্রদ্ধা, মর্যাদা ও অনন্য সম্মান অর্জন করেন। বোদি সমাজে এই স্থূলতাই ক্ষমতার ও সৌন্দর্যের চূড়ান্ত মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।