খাবারের টেবিলে পোশাকের বালাই নেই! এই আজব রেস্তরাঁয় পুরুষ-মহিলারা কেন আসেন বিবস্ত্র হয়ে?

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ‘সিএলএএসএস সৈরি স্টিকহাউস’ নামক একটি ব্যতিক্রমী রেস্তোরাঁ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রচলিত রেস্তোরাঁর ধারণার সম্পূর্ণ বাইরে গিয়ে এখানে চালু করা হয়েছে নগ্ন হয়ে খাবার খাওয়ার নিয়ম। প্রতি মাসের প্রথম সোমবার এই বিশেষ আয়োজন করা হয়, যেখানে পনেরো থেকে কুড়ি জন অতিথি সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় অংশ নেন। আয়োজকদের মতে, নগ্নতাকে অশ্লীলতা হিসেবে না দেখে প্রকৃতির সঙ্গে সংযোগ এবং পোশাকের কৃত্রিমতা থেকে মুক্তির একটি নান্দনিক উপায় হিসেবে দেখা উচিত। এই ডিনারে অংশ নিতে পুরুষদের জন্য খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৮৪২ টাকা এবং নারীদের জন্য ১৪ হাজার ৩০০ টাকা। এ ছাড়া যুগলদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে কঠোর সতর্কতা বজায় রাখা হয়। অতিথিদের বসার জন্য আলাদা নরম তোয়ালে এবং সিট কভার সরবরাহ করা হলেও, পরিবেশনকারী কর্মীরা পোশাকেই থাকেন। অতিথিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অভ্যর্থনাকারী কর্মীও নগ্ন হয়েই তাদের স্বাগত জানান। শুরুতেই পোশাক খোলার জন্য কোনো জোরাজুরি করা হয় না, অতিথিরা সময় নিয়ে নিজেদের মতো করে মানিয়ে নেন। সুস্বাদু ফাইভ কোর্স মিল এবং শ্যাম্পেন টোস্টের মাধ্যমে এই ব্যতিক্রমী খাবারের অভিজ্ঞতা শেষ হয়। পোশাকের ঝামেলাহীন এই অভিনব আয়োজন ভোজনরসিকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।