চাকরির ফাঁদে পর্তুগালে বিক্রি তরুণী! কোটি টাকার লোভ দেখিয়ে ভয়ংকর ষড়যন্ত্র পুনের এজেন্সির

নাগপুরের এক তরুণীকে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে পর্তুগালের এক বিয়ার দোকানের মালিকের কাছে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পুনের একটি কনসালট্যান্সির মাধ্যমে বিদেশে ক্যাশিয়ারের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৮ বছর বয়সি ওই কমার্স গ্র্যাজুয়েটকে ফাঁদে ফেলা হয়। দেড় লক্ষ টাকা মাসিক বেতন এবং তিন বছরের ওয়ার্ক পারমিটের লোভ দেখিয়ে এজেন্সি ১১ লক্ষ টাকা দাবি করে। গত ২২ মে থেকে ৩০ জুন পর্যন্ত পর্তুগালে থাকাকালীন তরুণীকে সকাল আটটা থেকে গভীর রাত পর্যন্ত জোর করে বিয়ার স্টোর পরিষ্কারের কাজ করানো হয় এবং তাঁর পাসপোর্ট ও ভিসা আটকে রাখা হয়।
পর্তুগাল থেকে দেশে ফেরার প্রায় এক মাস পর ভুক্তভোগী তরুণী পুনের ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হয়ে সম্পূর্ণ ঘটনার বিবরণ দেন। পুলিশের কাছে তিনি অভিযোগ জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই এজেন্সির এক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। অভিযুক্তরা তাঁকে ও তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখে এই মানবপাচারের নেপথ্যে থাকা চক্রটিকে ধরতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।