১৫ বছরেও চালু হয়নি! অবশেষে কী এমন ঘটল যে দক্ষিণ দমদমে খুলছে সুপার স্পেশালিটি হাসপাতাল?

প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে যশোহর রোডের ধারে দীর্ঘদিনের আসাম্পূর্ণ সাততলা ভবনে চালু হতে চলেছে একটি নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল। ২০০৯ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দেড় দশক ধরে ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তর এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির আবেদনের প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেসের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞ কমিটি দ্রুত ভবনটি পরিদর্শন করে পরিকাঠামো যাচাই করে রিপোর্ট জমা দেবে। এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী অর্থ বরাদ্দ ও হাসপাতাল চালুর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রায় ২০০ শয্যার এই হাসপাতালে এমআরআই, ইসিজি, ইউএসজি, এক্স-রে, পূর্ণাঙ্গ প্যাথলজি ল্যাব, আইসিইউ এবং এনআইসিইউ পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, কেমোথেরাপি ওয়ার্ড এবং বেসমেন্টে আধুনিক দেহ সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার মাধ্যমে পরিচালিত হতে চলা এই হাসপাতালটি চালু হলে দমদম, লেকটাউন, বাঙুর ও কালিন্দী অঞ্চলের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। ২০১৩ সালে ভবনটি নির্মিত হলেও এতদিন তা চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দারা বঞ্চিত ছিলেন। তবে বর্তমান উদ্যোগে এই এলাকার স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।