৭২টি অভিযোগ মুলতুবি! ক্ষমতা প্রয়োগে ব্যর্থ আগের স্বাস্থ্য কমিশন, বিস্ফোরক দাবি নতুন চেয়ারপার্সনের!

ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের প্রথম বৈঠকে যোগ দিয়েই অতীতের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নতুন চেয়ারপার্সন, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর দাবি, এতদিন কমিশন যে আইনি ক্ষমতা পেয়েছিল, তার যথাযথ প্রয়োগই হয়নি। গত কয়েক বছরের কাজের হিসেব চেয়ে তিনি দেখেছেন, ৭২টি অভিযোগ এখনও অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের উপস্থিতিতে তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে কমিশনকে যে ক্ষমতা দিয়েছিল, অতীতে তার সঠিক ব্যবহার হয়নি।
শনিবার অনুষ্ঠিত নবগঠিত কমিটির ফুল বেঞ্চের প্রথম বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ, গাফিলতি বা পরিষেবা নিয়ে রোগী ও পরিজনদের করা বিপুল সংখ্যক অভিযোগ দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নতুন চেয়ারপার্সনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিচারপতি বসুর সাফ কথা, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আর কোনও অভিযোগ অনির্দিষ্টকাল ফেলে রাখা হবে না। আইনে নির্ধারিত প্রতিটি ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করেই যাবতীয় সমস্যার দ্রুত ও নিরপেক্ষ সমাধান করা হবে।