সত্যিই কি তৃণমূলে ভাঙন ধরালেন অভিষেক! বিস্ফোরক অভিযোগে যা বললেন আবু তাহের?

তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল এনসিপিআইতে যোগ দেওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য সামনে এনেছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের। বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী কৌশলী সংস্থা আইপ্যাককে দায়ী করেছেন তিনি। আবু তাহরের দাবি, নির্বাচনের আগেই প্রার্থী তালিকা তৈরিতে আইপ্যাক ও অভিষেকের ভূমিকা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতা আমলে না নেওয়ায় মাত্র ৮০টি আসন পেয়ে শোচনীয় পরাজয় ঘটেছে শাসকদলের, যার জেরে দলের অন্দরে তৈরি হয়েছে চরম অসন্তোষ ও বেনজির ভাঙন।
নির্বাচন পরবর্তী সময়ে কালীঘাটের বৈঠকে গিয়ে সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার ও মানসিক অত্যাচারের প্রসঙ্গও জোরালোভাবে তুলেছিলেন বলে জানান আবু তাহের। লোকসভার দলনেতা পরিবর্তনের দাবি জানানো হলেও তা অগ্রাহ্য করায় বাধ্য হয়েই তাঁরা দলত্যাগের সিদ্ধান্ত নেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। খলিলুর রহমানসহ একাধিক সাংসদের এই দলবদল এবং নতুন শিবিরে নাম লেখানো নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। তবে বিজেপির সঙ্গে কোনো যোগ নেই দাবি করে আবু তাহের পরিষ্কার জানিয়েছেন যে তাঁরা শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতিতেই অংশ নেবেন।