চোর-বাটপাড়দের দলে নয়! বিজেপির অন্দরেই উঠল শুদ্ধিকরণের বিস্ফোরক দাবি?

দল ভারী করার নামে কোনোভাবেই অসামাজিক ও বিতর্কিত ব্যক্তিদের দলে জায়গা দেওয়া যাবে না বলে কড়া বার্তা দিলেন হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। শনিবার বারাসাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দলের একাংশকে নিশানা করে তিনি বলেন, যাঁদের নিজস্ব কোনো জনভিত্তি নেই, তাঁরাই মূলত নিজেদের সুবিধা ও দল ভারী করার অসৎ উদ্দেশ্যে এই ধরনের ব্যক্তিদের দলে টেনে আনছেন। এদিনের এই অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুরেই তোলাবাজি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি।
বিধায়ক দ্ব্যর্থহীন ভাষায় জানান, ভোটের পর যারা কেবল গেরুয়া রং ও পতাকা ধরে দলে ভিড়েছে, তাদের দলে কোনো স্থান নেই। একই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, অতীতে দলের নির্দেশ অমান্য করা বা মানুষের ওপর অত্যাচার চালানো ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। দলীয় নেতৃত্বের কড়া নজরদারির মাঝেই দেবদাস মণ্ডলের এই মন্তব্যে রাজ্য রাজনীতির অন্দরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।