সোনা ও রুপো আমদানিতে বন্ধ হচ্ছে কর ছাড়, কতটা বাড়তে পারে গয়নার দাম?

সোনা, রুপো এবং প্ল্যাটিনাম আমদানির ক্ষেত্রে ব্যাঙ্ক ও অনুমোদিত সংস্থাগুলির দীর্ঘদিনের আইজিএসটি (IGST) ছাড় তুলে নেওয়ার সুপারিশ করেছে জিএসটি ফিটমেন্ট কমিটি। ২০১৭ সাল থেকে বহাল থাকা এই ৩ শতাংশ কর ছাড় উঠে গেলে আমদানির সময়েই সংস্থাগুলিকে সরাসরি আইজিএসটি প্রদান করতে হবে। এতদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) অনুমোদিত নির্দিষ্ট কিছু মাধ্যম ও ব্যাঙ্কের জন্য এই ছাড় প্রযোজ্য ছিল। কিন্তু জিএসটি বিজ্ঞপ্তি ও ডিজিএফটি-র নতুন তালিকার অসঙ্গতি কাটাতে এই কর ব্যবস্থা পুনরায় চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে আমদানির সময় ৩ শতাংশ আইজিএসটি দিতে হলেও ব্যবসায়ীরা পরবর্তীতে এর ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) বা কর সমন্বয়ের সুবিধা পাবেন। ফলে আমদানিকারকদের ওপর সরাসরি করের বোঝা না বাড়লেও, তাৎক্ষণিকভাবে নগদ অর্থের প্রয়োজন বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত পরিচালন খরচের কিছুটা প্রভাব যদি বাজায় আসে, তবেই মূল্যবান ধাতুগুলির দামে সামান্য পরোক্ষ প্রভাব পড়তে পারে। ফলস্বরূপ, সাধারণ ক্রেতাদের জন্য এখনই বাজারে সোনা বা রুপোর দাম সরাসরি ৩ শতাংশ বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।