সিসিটিভি বসালেই কি মিলবে নিরাপত্তা! বিশ্ববিদ্যালয়গুলির জন্য হাইকোর্টের কড়া বার্তা!

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা ও পঠনপাঠনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, ক্যাম্পাসে কেবল সিসিটিভি ক্যামেরা বসালেই নিরাপত্তার দায়িত্ব শেষ হয় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পঠনপাঠনের উপযুক্ত ও ভীতিহীন পরিবেশ বজায় রাখাও সমানভাবে জরুরি। এদিন একাধিক বিশ্ববিদ্যালয় আদালতে তাদের সুরক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দিয়ে জানায় যে, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
জমা দেওয়া ওই রিপোর্টগুলি খতিয়ে দেখার পর আদালত সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। বিশেষ করে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বাড়তি জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ওই দিন বাকি বিশ্ববিদ্যালয়গুলিকেও তাদের নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থার রিপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।