সীমান্তে ‘বদলা’! বিএসএফের হাতে পাচারকারী আটক হতেই ভারতীয় চা-চাষিকে অপহরণ বাংলাদেশে

সীমান্তে ‘বদলা’! বিএসএফের হাতে পাচারকারী আটক হতেই ভারতীয় চা-চাষিকে অপহরণ বাংলাদেশে

জলপাইগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও নিরাপত্তা নিয়ে মারাত্মক প্রশ্ন উঠল। সীমান্তে চোরাচালান ও বেআইনি অনুপ্রবেশে বাধা দেওয়ার ‘বদলা’ হিসেবে এক ভারতীয় চা-চাষিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া চাউলহাটি ও কুকুরজান এলাকায়।

অপহৃত চাষির নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি চাউলহাটির তসর পাড়ার বাসিন্দা। পরিবারের লোক জানান, গত শনিবার (৮ই আগস্ট) সকালে তিনি সীমান্তের কাছে নিজের ছয় বিঘা চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। সেই সময় একাই ছিলেন তিনি। অভিযোগ, সীমান্ত পার হয়ে প্রায় ২০ জনের একদল বাংলাদেশি দুষ্কৃতী এসে তাঁকে জোর করে তুলে নিয়ে পঞ্চগড় জেলার দিকে চলে যায়। দীপঙ্কর বাধা দিলেও সংখ্যায় কম থাকায় তাদের আটকানো সম্ভব হয়নি।

ঘটনার পরেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ। অপহৃতকে দ্রুত উদ্ধারের জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ করে বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে। জানা গেছে, দীপঙ্কর বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন।

কী কারণে এই অপহরণ? দীপঙ্করের পরিবারের দাবি, গত ৬ই আগস্ট চাউলহাটি সীমান্তে কাঁটাতার কেটে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি পাচারকারীকে ধরে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই ঘটনার জেরেই ‘বদলা’ নিতে দীপঙ্করকে সীমান্ত থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের সন্দেহ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে (যার সত্যতা যাচাই করা যায়নি) দীপঙ্করকে বলতে শোনা গেছে যে, ভারতে ধৃত বাংলাদেশি নাগরিককে ছেড়ে দিলে তাঁকেও ছেড়ে দেওয়া হবে।

এই ঘটনায় সীমান্ত এলাকার গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের বাসিন্দা ও চা-বাগান শ্রমিকদের নিরাপত্তার খাতিরে নজরদারি ও বিএসএফের ভূমিকা আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা। বর্তমানে বিএসএফ-বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাঁকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *