RG Kar কাণ্ড: প্রয়োজনে জেরা মমতাকেও! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে এক বিশেষ উদ্যোগ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বেলা ১১টায় প্রদীপ জ্বালিয়ে এবং দুই মিনিটের নীরবতা পালন করে নির্যাতিতাকে শ্রদ্ধা জানানো হয়।
এর পাশাপাশি, এই কাণ্ডে পৃথকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। নতুন করে খোলা হচ্ছে আরজি কর কাণ্ডের ফাইল। দফতর সূত্রের খবর, এই তদন্ত থেকে পাওয়া সমস্ত তথ্য ও ফলাফল তুলে দেওয়া হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানান, “আমরা চাই আসল সত্য সামনে আসুক। কার নির্দেশে সেদিন তথ্য-প্রমাণ লোপাট করা হয়েছিল, তা তদন্তকারী সংস্থাকে খুঁজে বের করতে হবে। সত্য উদ্ঘাটনের প্রয়োজনে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার দরকার পড়ে, তবে তা-ও করা উচিত।”
তিনি আরও বলেন, ঘটনার দিন রাতে যাঁরা সেখানে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তৎকালীন সময়ে বিভিন্ন ব্যক্তিদের ভূমিকা এবং সন্দিগ্ধ চিকিৎসকদের ভর্তি ও প্রপার্টি সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলাদা তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরে আয়োজিত এই শোকসভায় স্বাস্থ্যসচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা সংকল্পবদ্ধ— ভবিষ্যতে যেন আর কোনো মেয়ের সঙ্গে এমন ভয়াবহ ঘটনা না ঘটে।”