ভোটের পর তিন মাস পেরোতেই বড়সড় ধাক্কা! জেলাস্তরে এবার কে এই হাই ভোল্টেজ নেতারা?

রাজ্যে ক্ষমতার পালাবদলের তিন মাস কাটতে না কাটতেই দলের অন্দরে জমাট বেঁধেছে অসন্তোষ। একাধিক নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও দলবিরোধী কর্মকাণ্ডের মারাত্মক অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কড়া পদক্ষেপের বার্তা দিয়ে আগেই ২২ জনকে সাসপেন্ড করা হয়েছিল। এবার দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবং দলের ভিত শক্ত করতে প্রায় বারোটিরও বেশি সাংগঠনিক জেলায় বড়সড় রদবদলের পথে হাঁটছে গেরুয়া শিবির।
অভ্যন্তরীণ বৈঠকে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যে দেখা গেছে, যেসব এলাকায় দলের শৃঙ্খলাভঙ্গ বা বিশৃঙ্খলা বেশি হয়েছে, সেখানে ভোটের ফল আশানুরূপ হয়নি। অভিযোগ উঠেছে, বিরোধী শিবিরের একাংশের সঙ্গে হাত মিলিয়ে কিছু নেতা আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন। জিরো টলারেন্স নীতি মেনে এই সমস্ত জেলাগুলোকে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে সংগঠনের অভ্যন্তরীণ স্বচ্ছতা বজায় রাখতে এবং বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করতে জেলা নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।