বেঙ্গালুরুর অভিজাত পাবে পচা মাংসের পাহাড়! চোখ কপালে তুলল খাদ্য সুরক্ষা দফতরের অভিযান?

বাইরে চোখধাঁধানো আড়ম্বর আর আকাশছোঁয়া দাম, অথচ রান্নাঘরের অন্দরের ছবিটা রীতিমতো আঁতকে ওঠার মতো! বেঙ্গালুরুর অতি-অভিজাত এলাকা ইউবি সিটির নামী পাব ‘স্কাই লাউঞ্জ’-এ হানা দিয়ে প্রায় ৪৫ কেজি পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ দেখে চোখ কপালে উঠেছে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। ডিপ ফ্রিজে মজুদ থাকা সেই খাবারে ইতিমধ্যেই ছত্রাক জন্ম নিয়েছিল। গাফিলতির মাত্রা এতটাই তীব্র ছিল যে, তাৎক্ষণিকভাবে পাবটি সিল করে দেওয়ার নির্দেশ জারি করেছে কর্নাটকের ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট।
শহরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেবল এই একটি পাবই নয়, বরং পুরো বেঙ্গালুরু ও বিবিএমপি এলাকা জুড়ে রাতভর অভিযান চালিয়েছে ৩০টি বিশেষ এনফোর্সমেন্ট স্কোয়াড। বিভিন্ন নামী রেস্তোরাঁ ও কোল্ড স্টোরেজ থেকে সর্বমোট ১৩২ কেজি পচা খাবার এবং ১৫ লিটার পোড়া ভাজা তেল বাজেয়াপ্ত বা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়্যাল চেইন হোটেল থেকে ৫০ কেজি পচা হাঁসের মাংস এবং অন্যান্য প্রতিষ্ঠা থেকে মেয়াদোত্তীর্ণ সস, মাশরুম ও মাছ উদ্ধার হয়েছে। খাদ্যের গুণগত মান যাচাই করতে ১৮টি নমুনা সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ফৌজদারি আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।