সপ্তমীর আগে সেরে নিন এই কাজ! ১২ দিন বন্ধ রেশন, কার্ডও হতে পারে ইনঅ্যাক্টিভ!

অক্টোবর মাসে একাধিক ছুটির কারণে মোট ১২ দিন বন্ধ থাকবে রেশন পরিষেবা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির ঝামেলা এড়াতে মহাসপ্তমীর আগেই গ্রাহকদের মাসিক বরাদ্দের খাদ্যশস্য তুলে নেওয়া উচিত। অনলাইন রেশন ব্যবস্থা সচল রাখতে প্রতি মাসের প্রথম ও শেষ দিন পরিষেবা বন্ধ থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে গান্ধী জয়ন্তী, মহালয়া, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে চলতি মাসে প্রায় ১২ দিন দোকান থেকে রেশন মিলবে না। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতেই এই পরামর্শ।
এদিকে, একটানা ছয় মাস রেশন না তুললে কার্ড ‘ইনঅ্যাক্টিভ’ বা নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের প্রায় ১ কোটি ৫৮ লক্ষ এমন কার্ড সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করা হতে পারে। তবে এতে চিন্তার কারণ নেই, কারণ কার্ড স্থায়ীভাবে বাতিল হচ্ছে না। উপভোক্তারা তিন মাসের মধ্যে প্রয়োজনীয় যাচাই এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করে কার্ড পুনরায় সচল করার সুযোগ পাবেন। গণবণ্টন ব্যবস্থার তালিকা নির্ভুল করতেই এই উদ্যোগ।