স্বাস্থ্যবিমায় বড় ধাক্কা! হাসপাতাল বিলের ১০ শতাংশ দিতে হবে গ্রাহককে

স্বাস্থ্যবিমা পলিসিপালকদের জন্য আসছে এক বড় পরিবর্তন। নন-লাইফ বিমা সংস্থাগুলির একটি নতুন প্রস্তাব অনুযায়ী, হাসপাতালে ভর্তির চিকিৎসা খরচের ১০ শতাংশ এবার থেকে গ্রাহকদের নিজেদেরই বহন করতে হতে পারে। জেনারেল ইনস্যুওরেন্স কাউন্সিলের বিবেচনাধীন এই প্রস্তাবটি অনুমোদন পেলে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। ক্যাশলেস কিংবা রিইম্বার্সমেন্ট—যেই পদ্ধতিতেই ক্লেম মেটানো হোক না কেন, এই নিয়ম সমস্ত গ্রাহকের ওপর প্রযোজ্য হবে। তবে এর বিনিময়ে গ্রাহকদের বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ কিছুটা কমতে পারে।
মূলত চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত খরচ ও হাসপাতালের বাড়তি বিলিংয়ের প্রবণতা রুখতেই এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। শিল্পমহলের ধারণা, বিমার কম্প্রিহেন্সিভ কভার থাকায় রোগীরা খরচ নিয়ে কম সচেতন থাকেন, যা অনেক সময় বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়ায়। এই ১০ শতাংশ কো-পেমেন্টের নিয়ম চালু হলে স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।