বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক! অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়ায় তীব্র চাঞ্চল্য!

ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার চেষ্টার অভিযোগ সামনে এসেছে। তাঁর আসল নম্বর ব্যবহার করে পরিচিত ও সাধারণ মানুষের কাছে টাকা চাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই কালবিলম্ব না করে ডায়মন্ড হারবার থানার সাইবার ক্রাইম শাখায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ওই বিধায়ক।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতার এই বিধায়কের নম্বরটি ব্যবহার করে একাধিক ব্যক্তিকে ফোন ও আপত্তিকর মেসেজ পাঠানো হচ্ছিল। এর আগেও বিধানসভা নির্বাচনের পূর্বে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। বর্তমান এই ঘটনার পর জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করে বিধায়ক অনুরোধ করেছেন, তাঁর নম্বর থেকে এ ধরনের কোনো বার্তা বা টাকা চাওয়ার মেসেজ এলে যেন কেউ আতঙ্কিত না হয়ে অবিলম্বে পুলিশকে জানান।