‘দলের সমর্থন নেই’, শমীকের কথায় কি স্পষ্ট হল বিজেপির অবস্থান?
/indian-express-bangla/media/media_files/2025/07/03/samik-2025-07-03-10-39-54.jpg?ssl=1)
বঙ্গ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য ঘিরে দলের অন্দরে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সোমবার সংসদ চত্বরে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, নেতাজিকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য দল একবিন্দুও সমর্থন করে না। নেতাজিকে ভারতাত্মার প্রতীক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাঁর কালতোত্তীর্ণ সত্তা ভারতবাসীর হৃদয়ে চিরজাগরূক। পাশাপাশি, এই বিষয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, অতীতে তাঁকে গুরুত্বহীন না করলে দেশভাগ হয়তো এড়ানো যেত। সরাসরি নাম না নিলেও দলীয় সাংসদের মন্তব্যে দলের শীর্ষ নেতৃত্ব যে অত্যন্ত বিরক্ত, তা তাঁর কথায় স্পষ্ট।
দলীয় সূত্রে খবর, অনন্ত মহারাজের কাছে তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা তলব করা হতে পারে এবং সদুত্তর না মিললে আরও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। দলের একটি বড় অংশ অবিলম্বে এই ঘটনায় রাশ টানার পক্ষে মত দিয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে সোমবার বিকালেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে একপ্রস্থ দীর্ঘ বৈঠক করেন শমীক ভট্টাচার্য। সবমিলিয়ে, নেতাজি বিতর্ককে কেন্দ্র করে বঙ্গ বিজেপির অন্দরে তৈরি হওয়া এই চাপানউতোর এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।