বেতন ছাড়াই ডিউটি! রাজ্যের সাড়ে চার হাজার অস্থায়ী হোমগার্ডের ভবিষ্যৎ এখন কোন পথে?

বেতন ছাড়াই ডিউটি! রাজ্যের সাড়ে চার হাজার অস্থায়ী হোমগার্ডের ভবিষ্যৎ এখন কোন পথে?

রাজ্য পুলিশে কর্মরত প্রায় সাড়ে চার হাজার অস্থায়ী হোমগার্ডের ভবিষ্যৎ নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে। জুলাই মাস পেরিয়ে গেলেও তাঁদের পুনর্বহালের কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি এবং বিগত মাসের বেতনও বকেয়া রয়েছে বলে অভিযোগ। তা সত্ত্বেও তাঁদের নিয়মিত ডিউটি করতে বাধ্য করা হচ্ছে। বিভিন্ন জেলায় তাঁদের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে যে, তাঁরা স্বেচ্ছায় কাজ করছেন এবং এর জন্য কোনো বেতন দাবি করবেন না। অথচ পরিচয়পত্র ছাড়াই যান নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন এই কর্মীরা।

ক্ষমতাবদলের পর নতুন সরকারের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া নিয়মবহির্ভূত ছিল এবং যে এজেন্সির মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল, তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। কাগজে-কলমে অতিরিক্ত কর্মী দেখিয়ে বছরের পর বছর বেতন তোলার অভিযোগ উঠেছে, যার জেরে বর্তমানে অডিট চলছে। প্রতি ছ’মাস অন্তর চুক্তি নবীকরণের নিয়ম থাকলেও এবার তা আটকে যাওয়ায় কোনো বৈধ নথিপত্র ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটলে আইনি সুরক্ষা বা সরকারি সহায়তার অভাব নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলাগুলির পাঠানো তথ্যের অডিট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই বৈধ ও অবৈধ কর্মী চিহ্নিত করে চুক্তি পুনর্নবীকরণের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *